অনলাইন সংস্করণ
১৫:২২, ১৫ জুন, ২০২৬
২৭ জুলাইয়ের মধ্যে ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট শুরু হবে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দায়িত্ব পাওয়ার পরই বিমানের ব্যবস্থাপনা, প্রবাসীদের সুবিধা বৃদ্ধিতে কাজ করছি।
সোমবার (১৫ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট আবারো চালু নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা জানান।
২০২৫ সালের পহেলা জুলাই রাজধানী ঢাকার সঙ্গে জাপানের নারিতা শহরের ফ্লাইট স্থগিত হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর ৩০ জুনের মধ্যে পুনরায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট পরিচালনার নির্দেশনা দেয়া হয়। কিন্তু জাপান প্রস্তুতির জন্য কিছুদিন সময় চেয়েছে।
২৭ জুলাইয়ের মধ্যে ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট শুরু হবে। বন্ধ হওয়া সব রুট চালু করতে চায় বিএনপি সরকার।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপান সিভিল এভিয়েশন ব্যুরোর সেফটি অডিট চালাতে ৪৫ দিন সময় লাগবে। সেই কারণে ২৭ জুলাই ঢাকা-নারিতা ফ্লাইট চালু হবে। আর ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরু হবে। জাপানে দেশ থেকে অনেক শিক্ষার্থী যায়। সেখানে বসবাসরত বাংলাদেশিরা এই ফ্লাইট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আপাতত একটি ফ্লাইট থাকবে। ফ্লিট বাড়ানো সাপেক্ষে প্রতি সপ্তাহে ৩টি ফ্লাইট চালুর পরিকল্পনা আছে।
তিনি আরও বলেন, এই ফ্লাইটটি রাজনৈতিক কারণে ২০২৫ সালে বন্ধ করা হয়। দেশ নিয়ে ফ্যাসিস্ট সরকার কিংবা পূর্ববর্তী সরকারও ভাবেনি। যখন লাভ শুরু হয়েছিলো, তখন ফ্লাইটটি বন্ধ করে দেয়া হয়।
১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালু করতে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, জাপানের সঙ্গে জুলাইয়ের মধ্যে চুক্তি করতে চাইছি।