ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কমছে না সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা

কমছে না সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা

আপত্তির মুখে উপসচিব থেকে সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর প্রস্তাব থেকে শেষ পর্যন্ত সরে এসেছে সরকার। ফলে কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেক কমিয়ে ২৫ হাজার টাকা করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আর বাস্তবায়ন হচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা আগের মতোই প্রতি মাসে ৫০ হাজার টাকা করে গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় পাবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এক চিঠিতে অর্থ বিভাগ বলেছে, ৯ জুলাই দুটি পত্রের বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।

গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দুটি চিঠি দেয় অর্থ বিভাগ। একটি চিঠিতে সুদমুক্ত ঋণ নিয়ে যেসব সরকারি কর্মকর্তা গাড়ি কিনেছেন তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ভাতা ৫০ হাজার থেকে কমিয়ে ২৫ হাজার টাকায় নামিয়ে আনার বিষয়ে উদ্যোগ নিতে বলা হয়।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন বলেন, এ সংক্রান্ত চিঠিটি আমরা এখনো আনুষ্ঠানিকভাবে হাতে পাইনি। তবে যতটা জেনেছি, এ বিষয়ে প্রধানমন্ত্রী রাজি হয়েছেন। ফলে আগের সিদ্ধান্তটি আর বাস্তবায়ন হচ্ছে না।

তিনি আরও বলেন, খুব সম্ভবত বিষয়টি (গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা) আগের মতোই বহাল থাকছে। আর সেটি হলে আগের ওই চিঠি বাতিল হয়ে যাওয়ার কথা। তবে আনুষ্ঠানিকভাবে আমরা এখনো কোনো লিখিত নির্দেশনা পাইনি।

আবা/এসআর/২৬

সরকারি কর্মকর্তা,রক্ষণাবেক্ষণ,ভাতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত