ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদায় উপলক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবিরের সঙ্গে আয়োজিত সাক্ষাতের প্রাক্কালে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বার্তা দিয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিদায়ী রাষ্ট্রদূতের ভূমিকা ও অবদানের প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে তার কর্মকাণ্ড ব্যাপক প্রশংসিত হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর চীন সফর সফল করতে বিদায়ী রাষ্ট্রদূতের ইতিবাচক অবদানের জন্য কৃতজ্ঞ বোধ করি।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, রাষ্ট্রদূত ওয়েনের মেয়াদের মধ্যেই চীন-বাংলাদেশ সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। পাশাপাশি উভয় দেশের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২’ সংলাপ মেকানিজমসহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত বলেন, দীর্ঘ তিন বছর নয় মাস বাংলাদেশে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত আনন্দের ও সম্মানের বিষয় ছিল।

এ সময় তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং এই প্রাপ্তিকে বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত বলে অভিহিত করেন।

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের ধারাবাহিক সমর্থন অব্যাহত থাকবে এমন আশাবাদ পুনর্ব্যক্ত করেন বিদায়ী রাষ্ট্রদূত। তিনি বলেন, চীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আগ্রহী। মন্ত্রীর পরিবারের সঙ্গে বাংলাদেশের একটি ঐতিহাসিক আবেগীয় সম্পর্ক রয়েছে; তার বাবা একসময় বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন যে, আগামী দিনে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে তার সার্বিক সেবার জন্য ধন্যবাদ জানান এবং নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানান। ভবিষ্যতে আবারও কোনো কূটনৈতিক আঙিনায় তাদের সাক্ষাৎ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী

বিদায়ী সাক্ষাৎ,চীনা রাষ্ট্রদূত,পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত