অনলাইন সংস্করণ
২০:৪৫, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
দেশে এলপি গ্যাসের সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে কিছু কিছু এলাকায় সরবরাহ কম থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসকরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সারাদেশের জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ বলেন, গণমাধ্যমে এলপিজি নিয়ে নানা ধরনের খবর ও প্রচারণা হচ্ছে। বিষয়টি যাচাই করতে আজ জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা জানিয়েছেন, দেশে এলপি গ্যাসের সামগ্রিক সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে কিছু কিছু এলাকায় সরবরাহ কম রয়েছে।
সরবরাহ স্বাভাবিক থাকার পরও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, কোনো এলাকায় সরবরাহে সংকট দেখা দিলে এর কারণ অনুসন্ধান করে তথ্য-প্রমাণসহ মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাতে হবে। জেলা প্রশাসকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যেসব এলাকায় এলপিজির সরবরাহ কম পাওয়া যাবে, সেখানে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্ত্রী সতর্ক করে বলেন, কেউ কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনকে আরও সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জ্বালানি মন্ত্রী।