অনলাইন সংস্করণ
১৭:১৫, ২৯ অক্টোবর, ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে আসা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে; কোথাও কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার বিকাল ৪টার পর ভোট গণনা শুরু হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।
এর আগে সকাল ৮টায় নির্ধারিত সময়েই এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এদিন সকালে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। বিকাল ৩টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়েছিল বলে জানিয়েছিল নির্বাচন কার্যালয়।
তবে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর মোট কত শতাংশ ভোট পড়েছে, তা এখনো জানা যায়নি।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।