ঢাকা রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

‘রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, অফিসে নয়'

‘রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, অফিসে নয়'

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারি কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকলে তার প্রতিফলন ব্যালট বাক্সে ঘটাতে হবে, সরকারি অফিসে নয়। রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের কর্মকর্তাদের সমর্থন থাকা ব্যক্তিগতভাবে দোষের কিছু না। তবে সেই সমর্থনের প্রতিফলন সরকারি কাজে থাকা উচিত নয়।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে নবীন বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে কর্মজীবনে আপনাদের কী করা উচিত কিংবা উচিত নয়, এসব নিয়ে আপনাদের সামনে দীর্ঘ কোনো বক্তব্য দেওয়ার অবকাশ রয়েছে বলে আমি মনে করি না। কারণ কী করা উচিত কিংবা উচিত নয়, আমি বিশ্বাস করি, সেটি অবশ্যই আপনারা নিজেরাই ভালো জানেন। বরং জানা বিষয়গুলো কর্মক্ষেত্রে বাস্তবায়নের সদিচ্ছা থাকাটাই জরুরি বিষয়।’

তারেক রহমান বলেন, যে কোনো বয়সের একজন নাগরিক কোনো সহযোগিতার জন্য অফিস-আদালতে তাদের কাছে গিয়ে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে।

এ প্রসঙ্গে একটি ‘গোল্ডেন রুল’ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘ট্রিট আদার্স হাউ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড।’ অর্থাৎ, অন্যের সঙ্গে তেমন আচরণ করুন, যেমন আচরণ আপনি নিজের জন্য প্রত্যাশা করেন।

প্রধানমন্ত্রী বলেন, জীবনে কখনো কখনো অন্যের সহযোগিতার প্রয়োজন হয়। সহযোগিতা পাওয়ার সময় অন্যের কাছ থেকে নিজের জন্য যে ধরনের ব্যবহার প্রত্যাশা করেন, কেউ সহযোগিতার জন্য এলে তার সঙ্গেও তেমন আচরণ করতে হবে।

মানবিক আচরণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একজন কর্মকর্তাকে অবশ্যই বিধিবদ্ধ নিয়মের আওতায় কার্যক্রম সম্পন্ন করতে হবে। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে পুরো বিষয়টি সামলানোর সময় সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে কি না, আধুনিক রাষ্ট্র ও প্রশাসনে সেটি খুবই গুরুত্বপূর্ণ।

আবা/এসআর/২৬

রাজনৈতিক,সমর্থন,ব্যালট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত