অনলাইন সংস্করণ
১৬:১৫, ০৯ নভেম্বর, ২০২৬
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিক পক্ষ। সোমবার এ খাতের নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ কথা জানানো হয়েছে।
শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, “এক নম্বর গ্রেডে আমরা ৪৮ হাজার টাকা এবং দুই নম্বর গ্রেডের জন্য আমরা ৪৩ হাজার টাকা, তিন নম্বর গ্রেডের জন্য আমরা ৩৮ হাজার টাকা এবং চার নম্বর গ্রেডের জন্য আমরা মজুরি চেয়েছি ৩২ হাজার টাকা।
“এবং শিক্ষানবিশকাল, একবারে যে নতুন ওয়ার্কার যারা আসবে, আমরা তাদের জন্য ৩০ হাজার টাকা মজুরির দাবি করেছি।”
বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, এদিন মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ—উভয়েরই প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিক পক্ষ সাত কার্যদিবস সময় চেয়েছে।
“চার কার্যদিবস সময় দিয়েছি। ব্যর্থ হলে আমরা তাদের প্রস্তাবের অপেক্ষা করব না।”