অনলাইন সংস্করণ
১৯:৫৫, ১১ নভেম্বর, ২০২৬
দেশে মব, খুন, ডাকাতি ও নারী-শিশু নির্যাতনের ঘটনা আগের বছরের তুলনায় কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদে দেওয়া বক্তব্যে তিনি ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেন।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে গত মঙ্গলবার সংসদে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ২০২৫ ও ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরেন। তাঁর দাবি, এসব তথ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চিত্র স্পষ্ট।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকার একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রাজনৈতিকভাবে তাঁদের ওপর জুলুম-নির্যাতনকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতন ও জুলুমের জন্য অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা না চেয়েই একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিষয়টি যৌক্তিক নয় বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, ‘আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’