
টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। তাদের একজনের হাতে বন্দুক এবং অন্যদের হাতে চাপাতি ছিল। সবার পরনে ছিল শর্ট প্যান্ট, মুখে কালো মুখোশ ও মাথায় টুপি।
এ সময় ডাকাতরা মোজহারুল ইসলাম তালুকদারের স্ত্রী ও এক গৃহকর্মীর হাত-পা বেঁধে ফেলে। পরে বাড়ি থেকে নগদ ৫ থেকে ৬ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং আনুমানিক দেড় থেকে দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতির কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে একই গ্রামের নগরবাড়ী পোস্ট অফিসের ভেতর থেকে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের ওমর ড্রাইভারের ছেলে।
পোস্ট অফিসের কর্মচারীরা সকালে অফিসে প্রবেশ করে ভেতরে সুমনকে আটকে থাকতে দেখেন। এ সময় অফিসের দুটি তালা কাটা অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাত দলের সদস্যরা পালানোর সময় ওই ব্যক্তিকে পোস্ট অফিসের ভেতরে রেখে যেতে পারে। তবে ডাকাতির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুল ইসলাম, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী এবং ডিবি উত্তরের ওসি এবিএম এস দোহা।
কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি চুরি বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।