ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয়। এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব আহ্বান জানান।

প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একই সঙ্গে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তরের জন্য কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দেন।

ভাষণের শুরুতে কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।

তিনি বলেন, এসব চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত সরকার বিশ্বাস করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অন্যের পরিপূরক হিসেবে চলতে হবে। শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ কর প্রণোদনার সহায়তায় চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগকেও উৎসাহিত করছে সরকার।

সবুজ শিল্পায়নের বিষয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ সরকার পরিবেশবান্ধব শিল্পকে উৎসাহিত করছে। দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থার প্রসারেও কাজ করছে সরকার। পাশাপাশি পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো হচ্ছে। কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামোও তৈরি করা হচ্ছে।

পরিবেশ সংরক্ষণে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পরিবেশ রক্ষায় পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজ করা হচ্ছে।

এসব উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে জলাধারগুলোতে পানি ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করা। এছাড়া উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্থানীয় জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং জলবায়ু সহনশীলতা জোরদার করা যায়।

আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনো অপ্রতুল। এটি উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নেয় না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা সৃষ্টি করছে। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, অনুদান প্রয়োজন। পাশাপাশি তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহায়তা নিশ্চিত করতে হবে।

‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রথমত আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দিতে হবে। একই সঙ্গে নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ বা জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ বা জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফের ব্যবস্থাসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি বাড়াতে হবে।

পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে। এর মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য নাগালের মধ্যে রাখতে বৈশ্বিক নির্গমন কমাতে হবে।

ভাষণের শেষ পর্যায়ে তারেক রহমান একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ আশা করে, এ সম্মেলন অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল দেবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সম্মেলনের ফলাফল গুরুত্বপূর্ণ হওয়া প্রয়োজন।

সবশেষে তিনি বিশ্বনেতাদের প্রতি প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপান্তর, বৈশ্বিক সংহতি জোরদার এবং সম্মিলিতভাবে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী,প্রয়োজন,অনুদান,ঋণ,দেশগুলো,জলবায়ু ঝুঁকি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত