ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

জামায়াত নেতাদের সঙ্গে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের বৈঠক

জামায়াত নেতাদের সঙ্গে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডেমোক্রেটিক ইন্টারন্যাশনালের বাংলাদেশ প্রতিনিধি দলের এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ কার্যালয়ের প্রধান পরিচালক ড. আবদুল আলিম, জ্যেষ্ঠ পরিচালক লিপিকা বিশ্বাস এবং জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক রবিউল ইসলাম।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও টেকসই করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাশাপাশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করতে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করা হয়। ভবিষ্যতেও দেশে সুশাসন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা জোরদারে দলটি গঠনমূলক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী ও টেকসই করতে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল ভবিষ্যতে তাদের সহযোগিতা আরও সম্প্রসারণ করবে বলে আশা প্রকাশ করেন জামায়াত নেতারা।

বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মাধ্যম বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আবদুল বাতেন।

বৈঠক,ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল,জামায়াত নেতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত