ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন দিবস উদযাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন দিবস উদযাপন

দুর্ঘটনা ও বিভিন্ন রোগে আক্রান্ত কর্মক্ষমতাহীন মানুষকে পুনরায় কর্মক্ষম করে তোলা এবং নিউরো, রোবটিক, কার্ডিও-পালমোনারি রিহ্যাবিলিটেশনসহ বিভিন্ন সাব-স্পেশালিটির উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বৈজ্ঞানিক সেমিনার, লিফলেট বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, পুনর্বাসনসেবা ও সংশ্লিষ্ট কার্যক্রমের স্টল পরিদর্শনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

এসব আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, এমপি। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এবং বিএমইউর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

বিএসপিএমআরের নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন এবং বিএমইউর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল কেনান, বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক ডা. একেএম খালেকুজ্জামান দিপু, বিএমইউ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শেখ ফরহাদ।

অনুষ্ঠানে কী-নোট স্পিকার ছিলেন অধ্যাপক ডা. এম এম জামান ও সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ। স্বাগত বক্তব্য দেন ডা. মো. কামরুজ্জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. মো. সোহেল রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ। সার্বিক আয়োজনে র‍্যাপোর্টিয়ারের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ ও সহযোগী অধ্যাপক ডা. মো. নাদিম কামাল। এতে বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবিদ ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেন।

বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ বলেন, ‘আমি নিজেও একজন রোগী। কিছুদিন আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলাম। বর্তমানে রোবটিক ফিজিওথেরাপি চিকিৎসাসেবা নিচ্ছি। তবে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবাকে যেমন প্রসারিত করতে হবে, তেমনি প্রচারও করতে হবে। সংবাদপত্র, টেলিভিশনসহ গণমাধ্যমে এ সেবার প্রচার বাড়াতে হবে, যাতে সাধারণ মানুষ ও রোগীরা এ সম্পর্কে জেনে উপকৃত হন।’

তিনি আরও বলেন, দেশে চিকিৎসাসেবা অনেক ভালো। এ দেশের চিকিৎসক ও চিকিৎসাসেবা নিয়ে তিনি গর্বিত ও আনন্দিত। রোগীরা বাংলাদেশেই চিকিৎসাসেবা নিতে পারেন, এজন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। তিনি নিজেও বিদেশে গিয়ে চিকিৎসাসেবা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। চিকিৎসকরা যেন রাজনীতির শিকার না হন এবং তাঁদের অভিজ্ঞতা কাজে লাগানোর ক্ষেত্রে বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক নিজের জীবনের গল্প ও অভিজ্ঞতা তুলে ধরে বলেন, অপারেশন-পরবর্তী ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবা রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে। বেশ কয়েকটি অপারেশনের পরও এ সেবার মাধ্যমে তিনি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন। এমনকি অতীতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে দেশের জন্য গৌরবোজ্জ্বল অবদান রাখতে সক্ষম হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, স্ট্রোক ও দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার পর রোগীরা ভীষণ মানসিক ট্রমায় ভোগেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবাও নিশ্চিত করা জরুরি। তিনি ফিজিক্যাল মেডিসিনের উন্নয়নে প্রয়োজনীয় জনবল তৈরি এবং পুনর্বাসনসেবা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বৈজ্ঞানিক পর্বে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের উন্নয়ন, বিভিন্ন সাব-স্পেশালিটির গুরুত্ব, আধুনিক পুনর্বাসন চিকিৎসার সম্ভাবনা এবং দেশের স্বাস্থ্যব্যবস্থায় এ বিভাগের অবদান তুলে ধরা হয়। বক্তারা বিভিন্ন রোগে আক্রান্ত কর্মক্ষমতাহীন মানুষকে পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে কর্মক্ষম করে তোলার পাশাপাশি কার্ডিও-পালমোনারি, নিউরো, রোবটিক, স্পোর্টস অ্যান্ড অর্থোপেডিক, পেডিয়াট্রিক, জেরিয়াট্রিক, ক্যান্সার অ্যান্ড লিম্ফেডিমা, স্পিচ অ্যান্ড সোয়ালোয়িং এবং মাসকুলোস্কেলেটাল অ্যান্ড পেইন রিহ্যাবিলিটেশনসহ বিভিন্ন সাব-স্পেশালিটির উন্নয়নে জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।

দিবসের শুরুতে বিএমইউ ক্যাম্পাসের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালির উদ্বোধন করেন বিএমইউর প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে সি ব্লকে গিয়ে শেষ হয়।

এ সময় অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, দুর্ঘটনা, স্ট্রোকসহ নানা কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েন। এসব রোগীর অর্থোপেডিক ও নিউরোলজিক্যাল অপারেশনের প্রয়োজন হয়। পাশাপাশি অপারেশন-পরবর্তী ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবাও জরুরি। এ সেবার মাধ্যমে একজন রোগী কর্মহীন জীবন থেকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তাঁরা দেশ ও সমাজের বোঝা না হয়ে আবারও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর বলেন, এ বিভাগের বিভিন্ন সাব-স্পেশালিটি গড়ে তোলা, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোবটিক রিহ্যাবিলিটেশন, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশে পুনর্বাসন চিকিৎসাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।

বিএসপিএমআরের নির্বাহী সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন বলেন, এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Developing Sub Specialties, Developing PMR’। অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন সাব-স্পেশালিটির বিকাশ, আধুনিক পুনর্বাসন চিকিৎসার সম্প্রসারণ, গবেষণা ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং দেশের জনগণের জন্য মানসম্মত পুনর্বাসনসেবা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা সৃষ্টি।

সহযোগী অধ্যাপক ডা. এম এ কে আজাদ বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, বাতব্যথা, ক্যান্সার, জন্মগত ও স্নায়বিক প্রতিবন্ধকতা এবং বয়সজনিত শারীরিক অক্ষমতার কারণে বিপুলসংখ্যক মানুষের পুনর্বাসন চিকিৎসার প্রয়োজন হয়। এসব রোগীর কার্যক্ষমতা পুনরুদ্ধার, ব্যথা নিয়ন্ত্রণ, দৈনন্দিন জীবনযাপনে স্বনির্ভরতা অর্জন এবং সামাজিক ও পেশাগত জীবনে পুনরায় অংশগ্রহণ নিশ্চিত করতে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট চিকিৎসক, শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক ও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়বে।

ফিজিক্যাল মেডিসিন দিবস,বিএমইউ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত