প্রিন্ট সংস্করণ
০০:০০, ১১ নভেম্বর, ২০২৬
ত্বক প্রস্তুত করুন : সাজের শুরুতেই মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দিনের বেলায় বাইরে বের হলে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। এতে ত্বক সুরক্ষিত রাখার পাশাপাশি সাজও সুন্দরভাবে ফুটে উঠবে।
হালকা বেস ব্যবহার করুন: প্রতিদিনের সাজে ভারী ফাউন্ডেশন না ব্যবহার করাই ভালো। এর পরিবর্তে বিবি ক্রিম বা হালকা কভারেজের প্রসাধনী ব্যবহার করতে পারেন। মুখে কোনো দাগ বা কালচে ভাব থাকলে সেখানে অল্প কনসিলার লাগিয়ে আঙুল বা স্পঞ্জ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
চোখে থাকুক মায়াবী ছোঁয়া : চোখের সাজে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। চোখের পাতায় হালকা বাদামি বা পিচ রঙের আইশ্যাডো ব্যবহার করতে পারেন। এরপর পাতলা করে আইলাইনার বা কাজল টেনে নিন। সবশেষে এক স্তর মাসকারা লাগালে চোখের পাপড়ি আরও আকর্ষণীয় দেখাবে।
গালে একটু ব্লাশন : গালে হালকা গোলাপি বা পিচ রঙের ব্লাশন ব্যবহার করলে মুখে সতেজ ভাব আসে। তবে অতিরিক্ত ব্লাশন ব্যবহার না করে অল্প পরিমাণে লাগিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এতে মুখে স্বাভাবিক আভা ফুটে উঠবে।
ঠোঁটে পছন্দের রঙ : হালকা সাজে ঠোঁটের রংও গুরুত্বপূর্ণ। গোলাপি, পিচ, ন্যুড কিংবা হালকা বাদামি রঙের লিপস্টিক বেছে নিতে পারেন। চাইলে লিপস্টিকের পরিবর্তে লিপ টিন্ট বা লিপ গ্লসও ব্যবহার করা যায়। ঠোঁট শুষ্ক থাকলে আগে লিপ বাম লাগিয়ে নিন।
ভ্রু রাখুন পরিপাটি : মুখের সৌন্দর্য ফুটিয়ে তুলতে ভ্রুর ভূমিকা রয়েছে। ভ্রুর স্বাভাবিক আকৃতি বজায় রেখে ব্রাশ দিয়ে আঁচড়ে নিন। প্রয়োজন হলে ভ্রুর ফাঁকা জায়গায় অল্প আইব্রো পেনসিল ব্যবহার করতে পারেন।
চুলের সাজেও সরলতা : হালকা সাজের সঙ্গে পরিপাটি চুল বেশ মানানসই। চুল ছেড়ে রাখতে পারেন, আবার পছন্দ অনুযায়ী পনিটেইল বা খোঁপাও করতে পারেন। সামনের কিছু চুল হালকাভাবে সাজিয়ে নিলে চেহারায় ভিন্নতা আসবে।
পোশাক ও অনুষঙ্গে সামঞ্জস্য : সাজের সঙ্গে পোশাকের রঙের সামঞ্জস্য রাখুন। ছোট কানের দুল, হাতঘড়ি কিংবা সাধারণ নকশার গয়না হালকা সাজকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। তবে একসঙ্গে অনেক অনুষঙ্গ ব্যবহার না করাই ভালো।
মনে রাখতে হবে, সুন্দর সাজ মানেই অনেক প্রসাধনী ব্যবহার নয়। বরং পরিচ্ছন্নতা, পরিমিত প্রসাধনী এবং নিজের স্বাভাবিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলাই হালকা সাজের মূল কথা। মাত্র ১০ থেকে ১৫ মিনিটেই হয়ে উঠতে পারেন স্নিগ্ধ, পরিপাটি ও আত্মবিশ্বাসী।