অনলাইন সংস্করণ
১৪:৪৫, ১০ নভেম্বর, ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। এতে করে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯২ ডলারে নেমে এসেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা এবং ইরানে নতুন করে মার্কিন হামলার আশঙ্কা কমে আসায় তেলের বাজারে এই দরপতন হয়। আর জ্বালানির দাম কমার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা শুরুর সম্ভাবনা জোরালো হওয়ায় সোমবার (৯ নভেম্বর) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৬ শতাংশ কমে গেছে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে এবং যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বড় ধরনের উত্থান দেখা গেছে।
বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) তেলের দামও ৪ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮৫ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেয়ার পর তেলের দামে এই পতন ঘটে। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর আশা বেড়েছে।
এদিকে জ্বালানির দাম কমায় গত সপ্তাহের বড় দরপতন কাটিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। প্রযুক্তিনির্ভর নাসডাক সূচকের উত্থান হয়েছে ২ দশমিক ৭৪ শতাংশ।
রয়টার্সকে স্লেটস্টোন ওয়েলথের প্রধান বাজার কৌশলবিদ কেন পোলকারি বলেন, ‘নিশ্চিতভাবেই তেলের দাম কমে যাওয়ায় বাজারের এই উত্থান আরও গতি পেয়েছে।’
যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের শেয়ারবাজারেও এই উত্থানের প্রভাব পড়েছে। লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১ শতাংশ, প্যারিসের সিএসি ৪০ সূচক ১ দশমিক ২ শতাংশ এবং ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স সূচক ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে।