ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রেসিপি

মাছের তিন পদ

রোজকার রান্নায় পরিচিত মাছ দিয়েও তৈরি করা যায় ভিন্ন স্বাদের দারুণ সব পদ। মলা মাছের চচ্চড়ি, বেগুন দিয়ে রুই মাছের ঝোল এবং পটোল চিংড়ির দোলমা—ঘরোয়া স্বাদে ভরপুর এ তিন পদেও রেসিপি দিয়েছেন— মরিয়ম বেগম
মাছের তিন পদ

মলা মাছের চচ্চড়ি

যা লাগবে : মলা মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজের কুচি ২ থেকে ৩টি, কাঁচা মরিচ ৭ থেকে ৮টি (ফাটা), হলুদগুঁড়া আধা চা-চামচ, লাল মরিচগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, রসুনবাটা ১ চা-চামচ, শর্ষের তেল ৩ থেকে ৪ টেবিল চামচ।

যেভাবে করবেন : ২ থেকে ৩টি কাঁচা মরিচ আর ১ টেবিল চামচ শর্ষের তেল আলাদা করে রেখে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। ২ থেকে ৩ মিনিট ভালোভাবে মাখলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে স্বাদ বাড়াবে। এভাবে ১০ মিনিট ঢেকে রেখে দিন। কড়াইতে ১ টেবিল চামচ শর্ষের তেল গরম করুন। পুরো মাখানো মিশ্রণ একসঙ্গে কড়াইতে ঢেলে দিন। ঢেকে অল্প আঁচে রান্না করুন। মাঝেমধ্যে হালকা নেড়ে দিন— মাছ যেন ভেঙে না যায়, তা খেয়াল রাখুন। আলাদা করে পানি দেওয়ার দরকার নেই (পেঁয়াজ থেকেই পানি বের হবে)। তেল ওপরে উঠে এলে বাকি কাঁচা মরিচ দিন। চাইলে শেষে ১ চা-চামচ কাঁচা শর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন।

বেগুন দিয়ে রুই মাছের ঝোল

যা লাগবে : বেগুন ২টি, রুই মাছ ৫ থেকে ৬ টুকরা, হলুদবাটা ১ চা-চামচ, মরিচবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৩ থেকে ৪টি, টেলে নেওয়া জিরার গুঁড়া আধা চা-চামচ, তেল প্রয়োজনমতো, পানি ১ কাপ।

যেভাবে করবেন : মাছে হলুদ ও লবণ মেখে ভেজে তুলে রাখুন। বেগুন চাক চাক কেটে হলুদ ও লবণ মেখে হালকা করে ভেজে নিতে হবে। কড়াইয়ে আরও কিছু তেল দিয়ে তাতে সব বাটা মসলা, লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মসলা কষা হলে তাতে এক কাপ পানি দিন। ফুটে উঠলে ভাজা মাছ ও ভাজা বেগুন দিন। প্রয়োজন হলে আরও আধা কাপ গরম পানি দিন। কাঁচা মরিচ ফালি ও ভাজা জিরার গুঁড়া দিন। একটু ঝোল রেখে নামিয়ে নিন।

পটোল চিংড়ির দোলমা

যা লাগবে : পটোল ৮ থেকে ১০টি, কুচো চিংড়ি ২০০ গ্রাম, মাঝারি চিংড়ি ২০ থেকে ২৫টি, পেঁয়াজকুচি আধা কাপ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, কাঁচা মরিচকুচি ২টি, হলুদ আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতাকুচি এক টেবিল চামচ, শর্ষের তেল ৪ টেবিল চামচ, গরমমসলা ১ চা-চামচের চার ভাগের এক ভাগ, কাজুবাদাম ১০টি, পোস্তদানা ও সাদা শর্ষে ১ টেবিল চামচ।

যেভাবে করবেন : কুচো চিংড়ি লেজ-মাথা ফেলে ধুয়ে নিন। কাজুবাদাম, পোস্তদানা-শর্ষে ভিজিয়ে বেটে নিন। এবার ১ টেবিল চামচ তেলে পেঁয়াজ ভেজে আদা-রসুন, কাঁচা মরিচ, হলুদ, সামান্য মরিচ কাজু পেস্ট ও লবণ দিয়ে কষিয়ে চিংড়ি দিন। তবে চিংড়ি ২ থেকে ৩ মিনিটের বেশি কষাবেন না। চিংড়ি শুকিয়ে গেলে পুর শক্ত হয়ে যাবে। শেষে সামান্য গরমমসলা দিয়ে নামিয়ে ঠান্ডা করুন। পুর প্রস্তুত। এদিকে পটোলের দুই মাথা সামান্য কেটে খোসা হালকা চেঁছে নিন। একটি সরু চামচ দিয়ে ভেতরের বীজ ও নরম অংশ বের করুন। পটোলের ভেতরের ফাপা জায়গায় আগে থেকে তৈরি করে রাখা চিংড়ির পুর ভরে দিন। চাইলে এ পুর তৈরির সময় পটোলের ভেতরের অংশ দিতে পারেন, ভালো লাগবে। দুই মাথা সামান্য চেপে বন্ধ করে দিন। তেলে পটোলগুলো হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে পেঁয়াজ, আদা-রসুন, হলুদ, জিরা, ধনে ও মরিচ দিয়ে ভালো করে কষান। সামান্য পানি দিয়ে মসলা থেকে তেল ওঠা পর্যন্ত রান্না করুন। এরপর ভাজা পটোলগুলো সাজিয়ে দেড় কাপ গরম পানি দিন। ঢেকে কম আঁচে ১০ থেকে ১২ মিনিট রান্না করুন। ধনেপাতা দিয়ে চুলা বন্ধ করে পরিবেশনের জন্য সাজিয়ে নিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত