
স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম বড় দুশ্চিন্তা হলো ব্যাটারির স্থায়িত্ব। নতুন ফোন কেনার কিছুদিন পরই অনেকের মনে প্রশ্ন জাগে ব্যাটারিটি কতদিন ভালো পারফরম্যান্স দেবে? কখন থেকে দ্রুত চার্জ ফুরোতে শুরু করবে? এতদিন এসব প্রশ্নের সঠিক উত্তর পেতে বিজ্ঞানীদের দীর্ঘ সময় ধরে ল্যাবরেটরিতে পরীক্ষা চালাতে হতো। কিন্তু এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন প্রযুক্তি সেই প্রক্রিয়াকে অনেক দ্রুত ও সহজ করে দিতে পারে। গবেষকরা বলছেন, উন্নত এআই ব্যবস্থার সাহায্যে খুব অল্প সময়ের মধ্যেই একটি ব্যাটারির ভবিষ্যৎ কর্মক্ষমতা সম্পর্কে নির্ভুল ধারণা পাওয়া সম্ভব। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নতুন ধরনের এজেন্টিক এআই সিস্টেম ব্যাটারির আয়ু সম্পর্কে আশ্চর্যজনকভাবে দ্রুত পূর্বাভাস দিতে পারে।