ঢাকা শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার তানভীর ও তাফসীর

বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার তানভীর ও তাফসীর

প্রযুক্তির প্রতি অদম্য আগ্রহ আর শেখার প্রবল ইচ্ছার সামনে সুযোগের অভাব যে কোনো বাধা হতে পারে না, তার উদাহরণ যমজ ভাই তানভীর হাসান ও তাফসীর হাসান। তাদের বয়স মাত্র ১১ বছর, পড়ছে ষষ্ঠ শ্রেণিতে। এ বয়সেই তারা অ্যাপ স্টোর ‘বিডিঅ্যাপস’-এর সর্বকনিষ্ঠ ডেভেলপার হিসেবে যুক্ত হয়েছে। শরীয়তপুরের এই দুই ভাই কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই গত তিন বছর ধরে ইউটিউব ও ইন্টারনেটের বিভিন্ন ফ্রি রিসোর্স ব্যবহার করে কোডিং এবং অ্যাপ ডেভেলপমেন্ট শিখছে। ল্যাপটপ বা কম্পিউটার না থাকায় এতদিন মায়ের স্মার্টফোনে কোডিং অনুশীলন করে এরইমধ্যে তারা তৈরি করেছে তিনটি অ্যাপ।

সম্প্রতি রবি আজিয়াটা পিএলসির কর্পোরেট কার্যালয়ে দুই ভাইকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তারা বিডিঅ্যাপস টিমের কাছে নিজেদের তৈরি অ্যাপ, কোডিং শেখার অভিজ্ঞতা এবং ভবিষ্যতের স্বপ্নের কথা তুলে ধরে। তাদের মেধা ও সম্ভাবনা দেখে বিডিঅ্যাপস কর্তৃপক্ষ এ দুই ক্ষুদে প্রতিভাকে প্ল্যাটফর্মটির সর্বকনিষ্ঠ ডেভেলপার হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত করে।

বিডিঅ্যাপসের একটি প্রতিনিধি দল শরীয়তপুরে তানভীর ও তাফসীরের বাড়িতে যায়। সেখানে দুই ভাইকে নিয়ে একটি আলোচনা ও প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়। বিডিঅ্যাপসের প্রকৌশলীরা তাদের অ্যাপ ডেভেলপমেন্ট, কোডিং চর্চা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই টুলস ও এআই-চালিত অ্যাপ তৈরির বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা দেন। ভবিষ্যতে এআই ও নতুন প্রযুক্তি নিয়ে শেখা এবং কাজ করার জন্য কীভাবে নিজেদের প্রস্তুত করা যায়, সে বিষয়েও তাদের উৎসাহিত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত