
শিক্ষার্থী ও শিক্ষকদের তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণ বা উন্নয়নে ব্যবহার না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শিক্ষক সংগঠন আমেরিকান ফেডারেশন অব টিচার্স (এএফটি)-এর সঙ্গে চুক্তি করেছে মাইক্রোসফট। নিউইয়র্কে এফটি ও মাইক্রোসফটের অংশীদারিত্বে গঠিত ন্যাশনাল একাডেমি ফর এআই ইনস্ট্রাকশনকে কেন্দ্র করে ৩০ পৃষ্ঠার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। প্রায় ১৯ লাখ সদস্যের সংগঠনটির সঙ্গে এ চুক্তিকে স্কুলে এআই ব্যবহারে শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চুক্তির মূল শর্ত অনুযায়ী, নির্দিষ্ট নিরাপত্তাসংক্রান্ত তথ্য ব্যতীত শিক্ষার্থী, শিক্ষক বা স্কুলের গ্রাহক-তথ্য কোনও এআই মডেল প্রশিক্ষণ বা উন্নয়নের ব্যবহার করা যাবে না।