ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

কবি ও কবিতা

খালেদ চৌধুরী
কবি ও কবিতা

প্রায় সময় মনে হয় কবিতা থেকে কবরের দূরত্ব কত দূর? রক্ত-মাংস ভালো থাকলেই চিত্ত ভালো থাকে অথবা চিত্ত ভালো থাকলেই রক্ত-মাংস। চিত্তকে ভালো রাখার জন্য প্রাচীন গুহাচিত্রের সূচনা। চিত্র, চিন্তা, চিন্তাভাষ থেকেই চিত্রিত হয় চর্যার ইতিহাস। সবকিছু প্রকাশ করে অক্ষর। সেই অক্ষরে চিত্রকল্প ধারণ করে কবিতায়— মা শব্দটা লেখার জন্য, প্রিয়াকে ভালোবাসি বলার জন্য, সন্তানের সুন্দর একটা নাম লেখার জন্য...।

ক্যামেরা আবিষ্কৃত না হলে সিনেমা কী হতো! অক্ষরেই রচিত হয় কবিতা, তার সঙ্গে যোগ হয় বোধ। বোধটাই মানুষকে মানুষ বানায়। বাহ্যিকভাবে যার জন্য লাগে কলম আর কাগজ। অবশ্য কিবোর্ড কিংবা মুঠোফোনের টাচস্ক্রিন অথবা মুখে বললেই পঙ্?ক্তি লেখা হয়ে যায়। বদনপুস্তিকা আর এআই গোলকায়নের সমস্ত ভাবনা উলটপালট করে দিচ্ছে। ছবি-চলচ্ছবি এত বেশি চোখ ঘষে যায়, মাঝেমাঝে নিজের নাম ভুলে যাই! এই যে গতি, এই ছুটে চলা; সবকিছু ছিন্নভিন্ন করে দেবার বিপরীতে কুবেরের ধন বাড়ে— ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। আচ্ছা, কোম্পানিগুলো কী উৎপাদন করছে? কত কিছু এলো আবার গেল। কবি ও কবিতা এখনো বহাল তবিয়তে; আর বাংলা সে তো ধানের দেশ, গানের দেশ, কবিতার দেশ। মানবতার জয় হোক, কবিতা দীর্ঘজীবী হোক।

দ্রৌপদীর শাড়ি

গ্রামীণ তাঁতে একটা এক্সপেরিমেন্ট হোক

বৃষ্টির তন্তুতে একটা শাড়ি;

অনলাইনে অর্ডার

দ্রৌপদীর জন্য।

কী আকর্ষণ— ভেনিসের খালে, নিউইয়র্কের গলিতে

ঘি রঙে সজ্জিত পাণ্ডবের সেই গৌরব;

মনের কর্মচারী, রূপ দেখে ন-ডরায়

রস থাকে কলসে, ঘ্রাণ বিবির সারৎসার—

অসীম ভেবে ঘর বানাই বাতাসের আলে!

সড়ক নম্বর

সম্পর্কের লাভ-ক্ষতির হিসাব তরঙ্গে লেখা থাকলেও থাকতে পারে

সমৃদ্ধ সার্টিফিকেটের উঁচু শির

নীলক্ষেতের ফটোকপির দোকানে চাষ হয়,

সত্য-মিথ্যার যোগ-বিয়োগ জেনে গেলে—

ক্ষমতা না-থাকলে ভোঁদাই হওয়া ছাড়া আর কোনো উপায় নেই

ধানের দেশ, গানের দেশ কোন নিদানের অপেক্ষায়?

ফার্মের মানুষের অন্তর্লীন জীবন পশ্চিমের দাসখততন্ত্রে বন্দি।

এই দেহ আর দেহ নেই, যা আছে তা কেবল কমান্ড

আলোর ঝলকানির সেই নাদ কোথায়?

স্বরূপের সড়ক নম্বরটা একটু বলে দেবে...

কাগজের বাঘ

মৃত্যু হলেই কবর গাড়ির টিকিট পাওয়া যায়

তখন বয়স বাড়ে না, আহার-বিহারের চিন্তা থাকে না

হয়তো বলবে, 'কী সব ছাই।'

সেদিন পুকুরপাড়ে পাগলের মতো লোকটা

পাতার ফাঁক গলিয়ে দৃষ্টি মেশাতেই

টস করে দিয়াশলাইয়ের বারুদ জ্বলে ওঠে।

তোমাদের ঠাটবাট চিনির বিষের মতো মিহি

সবকিছুতেই একটা লাভ-ক্ষতির হিসাব।

এই সব নোট দিয়ে আকাশ ছোঁয়া যায়?

মাঝেমাঝে মনে হয় বিস্তর উদ্বৃত্ত কেবল কাগজের বাঘ

কে যে কখন হজম হয়ে যাই কেউ জানি না...

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত