প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৯ ডিসেম্বর, ২০২০
করোনার টিকায় শূকরের জেলটিন থাকলেও মুসলমানরা তা গ্রহণ করতে পারবে বলে অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষ। টিকার সাধারণ একটি উপাদান জেলটিন।
আল আরাবিয়ার খবরে বলা হয়, মুসলমানদের করোনার টিকা গ্রহণের অনুমতি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষ বলছে, করোনা মহামারি প্রতিরোধকারী টিকায় যেসব উপাদান ব্যবহার করা হয়েছে, সেখানে শূকরের জেলটিন থাকলেও তা গ্রহণে সমস্যা নেই। করোনার টিকায় শূকরের জেলটিন উপাদান থাকলে তা মুসলমানরা গ্রহণ করতে পারবে কি-না তা নিয়ে বিভিন্ন সময় বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে। ভারতের শাহি মসজিদের ইমাম এই ভ্যাকসিন ব্যবহার হারাম বলে ফতোয়া দিয়েছেন। আর এ বিভ্রান্তি দূর করতে সুস্পষ্ট বার্তা দিয়েছে সংস্থাটি। ইসলামের নিয়ম অনুযায়ী শূকরের মাংস কিংবা শূকরের যে কোনো উপাদান ব্যবহার মুসলমানদের জন্য হারাম হিসেবে বিবেচিত।
সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষের চেয়ারম্যান শেখ আবদাল্লাহ বিন বায়াজ বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে শূকরের উপাদান দিয়ে তৈরি করা টিকা ছাড়া বিশ্বে অন্য কোনো টিকা যদি না পাওয়া যায়, তাহলে মানুষের জীবন রক্ষার্থে এ টিকা গ্রহণ হারাম হবে না। কারণ মানুষের জীবন রক্ষা গুরুত্বপূর্ণ।
সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষের দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা বলেন, শূকরের উপাদান দিয়ে তৈরি করোনার টিকা খাবার হিসেবে নয়, ওষুধ হিসেবে গ্রহণ করা হবে।
দেশটিতে গত বুধবার (২৩ ডিসেম্বর) দু’জনের শরীরে ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগের মাধ্যমে দেশটিতে করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। রাজধানী আবুধাবি এবং দুবাইসহ সাতটি আমিরাত নিয়ে সংযুক্ত আরব আমিরাত গঠিত। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দেশটিতে জরুরি টিকা প্রয়োগের অনুমোদন দেওয়া হয়। ওই দিনই বিদেশ থেকে আমিরাতে টিকার চালান পৌঁছায় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম।
ফাইজার-বায়োএনটেকের টিকা দিয়ে দুবাইতে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। টিকা গ্রহণকারী একজন নারী এবং এক পুরুষের ছবি দিয়ে দুবাই মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, প্রথম ধাপে ৬০ বছরের বেশি বয়স্ক, জটিল রোগে আক্রান্ত তরুণ, বিশেষ কাজে নিয়োজিত ফ্রন্টলাইনার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া হবে।
এদিকে শনিবার মিশরের ফতোয়া বোর্ডও এ টিকা ব্যবহারে শরিয়তের কোনো বাধা নেই বলে ফতোয়া দিয়েছে। সেখানে বলা হয়েছে, শূকরের উপাদানে প্রাকৃতিক রূপান্তরের পর এটি আসলে তা শূকরের অংশ থাকে না। সেভাবে হলে ওই উপাদান ব্যবহারে কোনো অসুবিধা নেই।
হ সূত্র : আল জাজিরা