ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ইফতারের প্লেটে সৌহার্দ্যরে গল্প

ইফতারের প্লেটে সৌহার্দ্যরে গল্প

পবিত্র রমজান মাস এলেই বদলে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিকাল। সারাদিনের ক্লাস আর নানামুখী কাজের ব্যস্ততায় সবাই হয়ে যায় ক্লান্ত। কিন্তু সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সঙ্গে সঙ্গে চোখে পড়ে আলাদা এক দৃশ্য। ছোট ছোট দলে একত্রিত হয় শিক্ষার্থীরা। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ নিজ নিজ সংগঠনের সহকর্মীদের সঙ্গে, আবার কেউ হলের ছোট কিংবা বড় ভাইদের সঙ্গে। খেজুর, ছোলা, মুড়ি আর নানা ঘরোয়া খাবারের আয়োজনকে ঘিরে বসে সবাই। শুরু হয় ইফতারের মিলনমেলা। এই বিশেষ মুহূর্তের মাধ্যমে শুধু ক্ষুধায় মেটে না, বরং হৃদয়ের দূরত্বও কমে। রমজানের বিকালে ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে দেখা যায় ভিন্ন এক দৃশ্য। কেন্দ্রীয় মসজিদের মাঠে, কেন্দ্রীয় খেলার মাঠে, শহিদ মিনার এলাকায়, শাটল ট্রেনের স্টেশনে, পাহাড়ের চূড়ায়, হলের সামনে কিংবা বিভাগীয় আঙিনায়। যেখানেই চোখ যায়, সেখানেই ছোট ছোট দলে বসে শিক্ষার্থীদের ইফতারের প্রস্তুতি। কেউ বাজার থেকে খাবার নিয়ে আসছেন, কেউ আবার নিজের হাতে বানানো খাবার ভাগ করে দিচ্ছেন বন্ধুদের মধ্যে। ইফতারের আগে শুরু হয় গল্প-আড্ডা। সারাদিনের ক্লাস, পরীক্ষা কিংবা ক্যাম্পাস রাজনীতির নানা প্রসঙ্গ উঠে আসে সেই আড্ডায়। একইসঙ্গে আলোচনায় উঠে আসে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়। সবশেষে দোয়ার মাধ্যমে স্রষ্টার কাছে রহমত, মাগফেরাত ও নাজাতের জন্য প্রার্থনা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত