
বোয়ালখালী উপজেলার আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা এলাকায় সড়ক সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। উত্তর করলডেঙ্গার আবদুল মজিদ মাতব্বরের বাড়ি থেকে ষষ্ঠী মহাজন বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচল অযোগ্য ও খানাখন্দে ভরা। এই সড়কটি দিয়ে এলাকার প্রায় ২৬টি মুসলিম পরিবার এবং ৫০টিরও বেশি সনাতনী হিন্দু পরিবারের সদস্যরা প্রতিদিন যাতায়াত করেন। এছাড়া ও এই এলাকায় একটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র অবস্থিত হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক সাধারণ মানুষ চিৎকিৎসা সেবার জন্য ঐ হাসপাতালে যাতায়াত করেন। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি হাঁটু সমান কাদা পানি ও ঝুঁকিপূর্ণ গর্তে পরিণত হয়।
বৃষ্টি হলেই সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যায় এ সড়কে। জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য কোনো যানবাহন এলাকায় প্রবেশ করতে পারে না। সরেজমিন ঘুরে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, বোয়ালখালী উপজেলা সদর, কানুনগোপাড়া বাজারসহ প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয় ও কলেজে যাতায়াতের একমাত্র সড়ক। সংস্কারের অভাবে এই সড়কটি আজ পথচারীদের পায়ে হেঁটে চলা ও অত্যন্ত কষ্টকর। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের প্রধান সড়কটি আজ অভিভাবকহীন।