ঢাকা রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

কানুনগোপাড়া-বহদ্দারহাট রুটে লোকাল মিনি বাস চালুর দাবি

কানুনগোপাড়া-বহদ্দারহাট রুটে লোকাল মিনি বাস চালুর দাবি

চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়া থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়কে নিয়মিত লোকাল মিনি বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন যাত্রী ও স্থানীয়রা। গ্যাস সংকটের সুযোগে সিএনজি অটোরিকশার ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্রতিদিনের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ছেন স্বল্প ও মধ্যম আয়ের হাজারো মানুষ। কানুনগোপাড়া থেকে আরকান সড়কের বিভিন্ন এলাকা হয়ে বহদ্দারহাট পর্যন্ত প্রতিদিন কর্মজীবী, শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। কিন্তু গণপরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেকটা বাধ্য হয়েই তাদের সিএনজি অটোরিকশার ওপর নির্ভর করতে হচ্ছে। এতে নির্ধারিত ভাড়ার তুলনায় কোথাও দ্বিগুণ, কোথাও তিনগুণ ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সভাপতি ও সাংবাদিক অধীর বড়–য়া বলেন, ‘কানুনগোপাড়া সড়কে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত গণপরিবহনের সংকট রয়েছে। গ্যাস সংকটের কারণে সিএনজি অটোরিকশার ভাড়া বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। কানুনগোপাড়া-বহদ্দারহাট রুটে পর্যাপ্ত সংখ্যক লোকাল মিনি বাস চালু করা হলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতাও নিয়ন্ত্রণে আসবে। তাই সংশ্লিষ্ট প্রশাসন ও বাস মালিক সমিতির প্রতি দ্রুত এই রুটে বাস সার্ভিস চালুর আহ্বান জানাছে। নিয়মিত যাত্রী আশুতোষ চৌধুরী টিকলু জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে কর্মস্থল ও বিভিন্ন প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে হয়। বাস না থাকায় সিএনজি অটোরিকশাই একমাত্র ভরসা। কিন্তু ভাড়া অনেক বেড়ে যাওয়ায় প্রতিদিন অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। একটি লোকাল মিনি বাস সার্ভিস চালু হলে আমাদের মতো নিয়মিত যাত্রীদের জন্য অনেক সুবিধা হবে। যাত্রীদের দাবি, কানুনগোপাড়া-বহদ্দারহাট রুটে পর্যাপ্ত সংখ্যক লোকাল মিনি বাস চালুর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্টপেজগুলো নির্ধারণ করে সেখানে বাস থামানোর ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত