ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

ফাহিম ইসলাম
রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। হাদিসে দোয়াকে ইবাদতের মগজ বলা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলার কাছে যে চায় না, আল্লাহ তার ওপর রাগান্বিত হন।’ (তিরমিজি : ৩৩৭৩)। আল্লাহ রোজাদার ব্যক্তির দোয়া কবুল করেন। তার দোয়া ফিরিয়ে দেন না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ১. রোজাদারের দোয়া ইফতার করা পর্যন্ত। ২. ন্যায়পরায়ণ বাদশার দোয়া ও ৩. মজলুমের দোয়া।’ (সুনানে বাইহাকি, খণ্ড: ৩, পৃষ্ঠা : ৩৪৫)।

রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। বিশেষ করে ইফতারের আগমুহূর্তের দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে। ইফতারের সময় গুরুত্বসহকারে দোয়া করা উচিত। এটি দোয়া কবুলের সময়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘অবশ্যই আল্লাহ রমজান মাসে প্রতি ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। প্রতি রাতেই তা হয়ে থাকে।’ (ইবনে মাজাহ : ১৬৪৩)।

রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘অবশ্যই আল্লাহ রমজান মাসের প্রতি দিবস ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন।’ (মুসনাদে আহমদ : ৭৪৫০)।

আল্লাহর কাছে যে কোনো দিন, যে কোনো সময়ই দোয়া করা যায়। তবে রোজা অবস্থার দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।’ (মুসান্নাফে ইবনে আবি শায়বা, খণ্ড : ৩, পৃষ্ঠা : ৭)। রাসুলুল্লাহ (সা.) রমজান মাসে দোয়া ও ক্ষমা প্রার্থনা সম্পর্কে বলেছেন, ‘এ মাসে তোমরা ৪টি কাজ অধিক পরিমাণে করো। এর মধ্যে দুটি কাজ এমন, যা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। আর অন্য দুটি এমন, যা না করে মানুষের উপায় নেই। প্রথম দুটি হলো- ১. বেশি বেশি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ জিকির করা। ২. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আর যে দুটি কাজ না করে মানুষের উপায় নেই- তা হলো, ১. জান্নাত চাওয়া। ২. জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। (ইবনে খুজাইমা : ১৮৮৭)। ইফতারের আগমুহূর্তে দোয়ার বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয়।’ (তিরমিজি : ২৫২৬)। পূর্ণ মনোযোগ ও আত্মবিশ্বাসের সঙ্গে দোয়া করার আহ্বান জানিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। তিনি ঘোষণা করেছেন, ‘উদাসীন ও অমনোযোগীদের দোয়া কবুল করা হয় না। রোজাদারের দোয়া আল্লাহ কখনও ফিরিয়ে দেন না।’ (শুয়াবুল ইমান : ৩৬২১)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত