ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ভারতীয় জিরাবোঝাই ট্রাক জব্দ

ভারতীয় জিরাবোঝাই ট্রাক জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। এর আগে গত বৃহস্পতিবার রাতে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল। এ সময় সন্দেহজনক ট্রাককে চিহ্নিত করে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ট্রাকভর্তি অবৈধ ভারতীয় জিরার চালান জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকারও বেশি। বিজিবি সূত্র জানায়, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে অভিনব কৌশলে এই চোরাচালানের চেষ্টা করছিল। আটককৃত ট্রাক ও জব্দ পণ্য দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান এ প্রসঙ্গে বলেন, চোরাকারবারীরা যতই কৌশল পরিবর্তন করুক না কেন, বিজিবি সর্বদা কঠোর অবস্থানে থেকে চোরাচালান প্রতিরোধ করে আসছে এবং করবে। দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় নজরদারি বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত ট্রাক ও ভারতীয় জিরা আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এখন পর্যন্ত প্রায় ৮ কোটি ৭৭ লাখ টাকার অধিক মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত