
গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন- ১৪০০ ছাত্র-তরুণের আত্মাহুতির কারণে বাংলাদেশ মুক্ত হয়েছে। জুলাই সনদ প্রণীত হয়েছে এবং জুলাই সনদ পাওয়ার জন্য গণভোট হচ্ছে। বাংলাদেশের জনগণ গণভোটকে জয়যুক্ত করবে। দুষ্কৃতকারীরা কিছু পরিস্থিতি তৈরি করতে পারে, তা বাংলাদেশের মানুষ প্রতিহত করবে। গতকাল বুধবার দুপুরে মুন্সীগঞ্জে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে গণভোটের বিষয়ে মতবিনিময় সভায় এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আদিলুর রহমান খান বলেন, মানুষ দুটি ভোট দেবে- একটি গণভোট, অন্যটি সংসদ নির্বাচনের ভোট। সাধারণ নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে এবং গণভোটে জুলাই সনদের পক্ষে ভোট দেবে। নির্বাচনে যারা নির্বাচিত হবে, তারা জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনা করবে এটি আমাদের আকাঙ্ক্ষা। বাংলাদেশ নতুন দিনের দিকে এগিয়ে যাবে। গণভোট নিয়ে গুজবের বিষয়ে তিনি বলেন, গুজব মোকাবিলার জায়গা হচ্ছে জনগণের ঐক্যবদ্ধ শক্তি। যে শক্তি জুলাই মাসে বাংলাদেশ দেখেছে। জুলাইবিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করবেই, কিন্তু বাংলাদেশের ঐক্যবদ্ধ ছাত্রজনতা জুলাই অভ্যুত্থান বিরোধী শক্তিকে প্রতিহত করবে।