
জীবনের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে গানম্যান চেয়ে আবেদন করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
গতকাল বুধবার বিষয়টি জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। আবদুল হান্নান মাসউদ বলেন, হাতিয়া উপজেলায় এখনও অবৈধ অস্ত্রের অস্তিত্ব রয়েছে। পাশাপাশি নির্বাচনি মাঠে কাজ করতে গিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কাও দেখা দিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে নির্বিঘ্নে যোগাযোগ রাখা এবং নিরাপদভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার স্বার্থে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা সহায়তা চেয়েছি। এটি শুধু আমার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, আমি চাই সব ভোটার যেন নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।