
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসী আটক করা হয়েছে। গতকাল বুধবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত মঙ্গলবার রাত ২টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ১নং ওয়ার্ড এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জুলু প্রকাশ জুলু ডাকাতের পুত্র আমিন এবং তার দেহরক্ষী জানে আলমসহ অপর একজনকে আটক করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র প্রদর্শন ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অপতৎপরতা দমনে অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে যৌথবাহিনী কর্তৃক ঘটনাস্থল হতে ১টি বিদেশি পিস্তল, ১টি একে-২২ রাইফেল, ১টি দেশীয় পিস্তল, ২টি একনলা বন্দুক, ২টি দেশীয় ধারালো অস্ত্র ১টি পিস্তল ম্যাগাজিন, ২টি রাইফেল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল এ্যামুনিশন, ৮৯ রাউন্ড রাইফেল এ্যামুনিশন, ২টি কার্তুজ এবং ২টি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধার অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।