ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ। গত মঙ্গলবার নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের দক্ষিণ চরকাদিরা এলাকার সন্তান ইসমাইল জবিউল্লাহ বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রভাবশালী সদস্য ছিলেন।

জানা গেছে, ইসমাইল জবিউল্লাহ ২০০৫ সালে তৎকালীন বিএনপি সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বপালন করেছেন। এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বপালন শেষে অবসরে যান প্রভাবশালী এই আমলা।

পরে চেয়ারপারসনের উপদেষ্টা পদে নিয়োগ পান তিনি। তার অন্য ভাই আব্দুল্লাহিল বাকি রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও পরে পরিকল্পনা কমিশনে সদস্য (সচিব পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন। অবসরপ্রাপ্ত আমলা থেকে (মন্ত্রীর পদমর্যাদায়) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ায় মো. ইসমাইল জবিউল্লাহর গ্রামে ব্যাপক আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে।

তার সমর্থক ও শুভাকাঙ্খীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। স্বাধীনতার পর প্রথম কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের এই কৃতি সন্তান মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ায় গ্রামজুড়ে চলছে আনন্দ উল্লাস। অনেকেই অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত