ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

এক স্কুল থেকেই ৬ বিসিএস ক্যাডার, ঈশ্বরগঞ্জে সাফল্যের ‘ছক্কা’

এক স্কুল থেকেই ৬ বিসিএস ক্যাডার, ঈশ্বরগঞ্জে সাফল্যের ‘ছক্কা’

একই স্কুল, একই স্বপ্ন, আর এখন একই লক্ষ্য—মানবসেবা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এবার গড়েছে এক বিরল কীর্তি। ৪৮তম (বিশেষ) বিসিএস-এর মাধ্যমে এই একটি স্কুল থেকেই স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ পেয়েছেন ৬ জন মেধাবী চিকিৎসক। সম্প্রতি সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপ হাতে নিয়ে মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করার শপথ নিয়েছেন এই ৬ কৃতি সন্তান।

একই স্কুল থেকে একসঙ্গে ছয়জনের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৩ জনই এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থী। তারা হলেন— ডা. আনিসুর রহমান রিয়াদ, ডা. নিশাদ ফারহানা ও ডা. জয়িতা দাস। বাকি ৩ জনের মধ্যে রয়েছেন ২০১৩ ব্যাচের ডা. অনন্যা সরকার, ২০১২ ব্যাচের ডা. নির্জনা রাউত তন্বী এবং ২০০৯ ব্যাচের ডা. আনোয়ার রহমান ইমন।

ডা. আনিসুর রহমান রিয়াদ (সহকারী সার্জন, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স): গৌরীপুরের পুম্বাইল গ্রামের ফজলুর রহমান ও রওশন আরা বেগম দম্পতির ছোট ছেলে রিয়াদ জানান, স্কুল শেষ করার আগেই বাবার আকস্মিক মৃত্যুতে জীবন কঠিন হয়ে পড়েছিল।

তিনি বলেন, “স্কুলের পাঠ চুকানোর আগেই বাবাকে হারিয়েছিলাম। সেই থেকে প্রতিটি দিন ছিল তাঁর স্বপ্নপূরণের সংগ্রাম। আজ বিসিএস ক্যাডার হওয়া সেই দীর্ঘ ত্যাগেরই ফসল।”

অনুজদের উদ্দেশে তার পরামর্শ— পড়াশোনার কোনো বিকল্প নেই, আর এই লক্ষ্য স্থির করতে হবে হাইস্কুলের প্রথম দিন থেকেই।

ডা. অনন্যা সরকার (সহকারী সার্জন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স): অমরেশ সরকার ও বন্দনা রাণী পাল দম্পতির বড় মেয়ে অনন্যা বলেন, “বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদানের মাধ্যমে সরাসরি প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন পূরণ হলো। শেকড়ের মানুষের সেবা করতে পারাটা অন্যরকম এক তৃপ্তির।”

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ডা. নিশাদ ফারহানা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. জয়িতা দাস ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ডেন্টাল), ডা. নির্জনা রাউত তন্বী হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ডেন্টাল) এবং ডা. আনোয়ার রহমান ইমন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন। তাদের প্রত্যেকের পরিবারের সদস্য ও সহপাঠীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনে ভাসছেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ. কে. এম. মোস্তফা কামাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমাদের বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী একসঙ্গে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ায় আমরা গর্বিত। আমি চাই তারা কর্মজীবনে সফল হোক। সময় সুযোগ হলে তারা যেন বিদ্যালয়ে এসে বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়, সেই প্রত্যাশা রইল।”

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাজধানী শাহবাগের একটি কনভেনশন হলে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ জন ক্যাডারকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

ঈশ্বরগঞ্জে সাফল্যের ‘ছক্কা’,৬ বিসিএস ক্যাডার,এক স্কুল থেকে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত