
ফেনী শহরের বিভিন্ন স্পটে এবং গ্রামীণ হাট বাজারে এবার দেখা দিয়েছে লেবুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। রমজানের প্রথম দিন বড় সাইজের প্রতি হালি লেবু বিক্রি হয় ২০০ টাকা দরে। রমজান সামনে রেখে যেখানে ইফতারের টেবিলে লেবুর সরবত এক অনিবার্য অনুষঙ্গ, ঠিক সেই সময়েই বড় সাইজের লেবু খুচরা বাজারে প্রতি হালি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১০০ টাকায়। এক মাস আগেও যে লেবু প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় মিলত, বর্তমানে সাইজভেদে দাম দাঁড়িয়েছে ৮০ থেকে ২০০ টাকায়।
বাজার ঘুরে দেখা গেছে, বড় সাইজের লেবু ২০০ টাকা, মাঝারি ১৫০ থেকে ১৭৫ টাকা এবং ছোট সাইজের লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। খুচরা বিক্রেতা রাজন মিয়া বলেন, ‘চাহিদার তুলনায় সরবরাহ এক-চতুর্থাংশ। আড়তে লেবু পাওয়া যায় না। বেশি দামে কিনে এনে অল্প লাভে বিক্রি করছি।’
লেমুয়া বাজারের একজন ক্রেতা জানান, বড় সাইজের এক হালি লেবু ২০০ টাকায় কিনেছেন। বেশ কয়েকজন ক্রেতা জানান, বাজারের সরবরাহ কম থাকায় এবং বাজার তদারকি না থাকায় ইচ্ছে মতো দাম নিচ্ছে বিক্রেতারা।
রমজান মাসে লেবুর চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। ইফতারে লেবুর সরবত, ছোলা-মুড়ি কিংবা বিভিন্ন ভাজাপোড়ায় লেবুর ব্যবহার অপরিহার্য। ফলে দাম বাড়ায় সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে।
কৃষি বিশেষজ্ঞদের মতে, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব, অনিয়মিত বৃষ্টিপাত ও তাপমাত্রা বৃদ্ধির কারণে সাইট্রাস জাতীয় ফলের উৎপাদন বিগত কয়েক বছরে ওঠানামা করছে। সেচনির্ভর চাষ ও উন্নত জাতের চারা ব্যবহারে জোর দিলে উৎপাদন স্থিতিশীল রাখা সম্ভব।