
আশুলিয়ার জামগড়া এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র এবং নেশা জাতীয় দ্রব্য সেবনের আলামত জব্দ করা হয়।
গতকাল শনিবার বিষয়টি জানান আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার। এর আগে গত শুক্রবার রাত ১১টা থেকে ভোর রাত ৪টা পর্যন্ত জামগড়া এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ১৪ জনকে আটক করা হয়, সেইসঙ্গে রাতেই পৃথক স্থান থেকে আরও ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়া থানার উদ্যোগে গত শুক্রবার বিকাল জামগড়া সরকারি প্রাইমারি স্কুল মাঠে মাদক, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কঠোর অবস্থানের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, গত শুক্রবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় কিশোর গ্যাং এর সদস্য নিজেদের অবস্থান জানান দিতে দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন দোকান পাটে হামলা ভাংচুর এবং তাণ্ডব চালায়। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে টহলে থাকা পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে।
এসময় দুইটি বাসায় অভিযান পরিচালনা করে ঘটনা স্থল থেকে মোট ১৪ জনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য মতে বিভিন্ন স্থান থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র এবং নেশা জাতীয় দ্রব্য সেবনের আলামতও জব্দ করে পুলিশ।