
শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছসহ ২২ জেলে আটক। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় থেকে ৪১০ কেজি শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছসহ ২২ জেলেকে আটক করেছে বন বিভাগ। গতকাল শনিবার সকালে আটক জেলেদের নিয়ে বন বিভাগের সদস্যরা লোকালয়ে ফেরেন। এর আগে গত শুক্রবার বন বিভাগের একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটক জেলেদের মধ্যে রয়েছেন পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর গ্রামের জামাল হওলাদার, মো. কালু , ফরহাদ, মো. ইয়াছিন খান, দুলাল গাজী, হানিফ হাওলাদার, রাজীব হাওলাদার, ইব্রাহিম, মহিপুর গ্রামের মো. ছোমেদ, চাপলি গ্রামের মো. রাসেল, তালতলী থানার তালতলী গ্রামের ইসমাইল, পটুয়াখালী সদরের দক্ষিণ বড়বিঘা গ্রামের মো. শরিফ মিয়া এবং বাগেরহাটের মোল্লাহাটের কোদালীয়া গ্রামের মো. শফিকুল খান। আটকরা পটুয়াখালী ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন। অভিযান চালিয়ে দুটি ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম ও ৪১০ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়।
তিনি আরও জানান, গতকাল শনিবার সকালে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা শাপলা পাতা মাছ নদীর চরে মাটি চাপা দেওয়া হয়েছে। আটক জেলেদের দাবি, তারা বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন। ঘন কুয়াশার কারণে পথ ভুলে মান্দারবাড়িয়া এলাকার কাছাকাছি চলে আসলে বন বিভাগ তাদের আটক করে।