
রংপুরে ‘সিটি ঘি’ নামে নকল ঘি তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ৫ মণ নকল ঘি উদ্ধার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার দুপুরে নগরীর দামোদরপুর গ্রামের প্রেসিডেন্ট মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় নকল ঘি তৈরির উদ্যোক্তা পীরগাছা উপজেলার আদম গনেশের খামার এলাকার হোসেন আলীর ছেলে মাইদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শনিবার মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলন করে জানান, ছয় মাস আগে দামোদরপুর প্রেসিডেন্টের মোড় এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে নকল ঘিয়ের কারখানা তৈরী করে মাইদুল। কোনো ধরনের দুগ্ধজাত দ্রব্য ছাড়াই শুধুমাত্র ডালডা, পামওয়েল ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে সিটি ঘি নামে নকল ঘি তৈরী করতেন তিনি।