ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কাউখালীতে অধিকাংশ সরকারি কোয়ার্টার পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ

কাউখালীতে অধিকাংশ সরকারি কোয়ার্টার পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ

কাউখালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় আবাসন ব্যবস্থা না থাকায় বসবাসে চরম সংকট দেখা দিয়েছে। যার ফলে অফিস টাইম শেষে অধিকাংশ সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদের উপজেলায় খুঁজে পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে। সরকারি অফিস সময়ের বাইরে সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজকর্ম করতে পারছেন না সরকারি কর্মকর্তা কর্মচারীরা। যার ফলে অনেকাংশেই পিছিয়ে পড়ছে এলাকার উন্নয়ন। এই উপজেলায় ৩২টি সরকারি দপ্তরের মধ্যে ২৭টি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের উপজেলায় আবাসিক ভবনে থাকার কথা। অথচ তাদের থাকার জন্য কোনো ভবন নেই।

এ ব্যাপারে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার জানান, উপজেলায় আবাসিক ভবন না থাকার কারণে সরকারি কর্মকর্তাদের বাইরে বসবাস করতে হয়। যার ফলে সরকারি অফিসিয়াল কাজকর্ম করতে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। এছাড়া বাহিরে বসবাস করার কারণে নিরাপত্তাহীনতায়ও ভুগতে হয়। জাতীয় পার্টি এশারাদ সরকারের আমলে ১৯৮৫ সালে উপজেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য আবাসিক ভবন, উপজেলা চেয়ারম্যানের জন্য আবাসিক ভবন এবং একটি গেজেটেড কর্মকর্তা ভবন, একটি নন গেজেটেড কর্মকর্তাদের জন্য আবাসিক ভবনসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য আরও তিনটি ভবন নির্মাণ করা হয়েছিল।

কালের পরিবর্তে নির্বাহী কর্মকর্তার ভবন ও উপজেলা চেয়ারম্যানের আবাসিক ভবন পরিত্যক্ত হলে নতুন আবাসিক ভবন তৈরি করা হয়েছে। অথচ গেজেটেড কর্মকর্তা কর্মচারীদের জন্য পুরাতন চারটি ভবন পরিত্যাক্ত হলেও নতুন করে কোনো ভবন নির্মাণ না হওয়ায় অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীরা এই উপজেলায় থেকে অফিস করতে পারেন না। যার ফলে অনেক সময় সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

এর কারণ হিসেবে অনেকেই জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারী দূর থাকে যথাসময়ে অফিসে আসতে পারে না। এছাড়া রোববার অফিসে আসতে বিলম্ব হয়। এছাড়া বৃহস্পতিবার অফিস টাইম শেষ হওয়ার আগেই অনেকের চলে যাওয়ারও অভিযোগ রয়েছে। আবাসিক সংকটের বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আমি যোগদান করার পর ভবন সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

বর্তমানে পিরোজপুর-২ আসনে নব নির্বাচিত এমপি আহমদ সোহেল মনজুর মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আমরা তার কাছে আমাদের সমস্যার বিষয়গুলো উপস্থাপন করব। আমরা আশাবাদী অতিদ্রুত এই সমস্যাগুলোর সমাধান পাব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত