
চাঁদপুর শহরের বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বাজার তদারকি এই অভিযান পরিচালনা করেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্বাস্থ্যবিধি না মেনে সেমাই তৈরির অপরাধে নিউ চাঁদ ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানা মালিককে ৮ হাজার টাকা, উৎপাদিত সেমাইয়ে খুচরা মূল্য উল্লেখ না থাকায় মেঘনা সেমাই কারখানা মালিককে ৫ হাজার টাকা, পণ্যের মোড়কে পূর্বের প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করায় জিএস কনজুমার মালিককে ১০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা ও খেজুরে তেল মিশিয়ে বিক্রয় করায় মীম এন্টারপ্রাইজ মালিককে ৫ হাজার টাকা এবং বিভিন্ন বিদেশি ব্রান্ডের প্যাকেটে খেজুর প্যাকেটজাত করার অপরাধে সুব্রত বাণিজ্যালয় মালিককে ৫ হাজার টাকাসহ মোট ৩৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এ সময় খেজুরের বিভিন্ন ব্রান্ডের প্যাকেট ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।