
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহর থেকে খালকুলা আঞ্চলিক সড়ক খানাখন্দে পরিণত হয়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। এ জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের এলজিইডির আওতাধীন ওই আঞ্চলিক সড়কের প্রায় সাড়ে ৭ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। এ কারণে এ সড়কে খানাখন্দ ও বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এ সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে এলাকাবাসীর। স্থানীয়রা বলছেন- এ সড়ক বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচলের একমাত্র ভরসা এবং কৃষকেরা খাদ্য-শস্য হাট-বাজারে ক্রয় বিক্রয় করতেও দুর্ভোগে পড়তে হয়। প্রায় ৪০ মিনিটের রাস্তা চলাচলে এখন সময় লাগে আড়াই ঘন্টার বেশি। এ জনগুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টির পানিতেই এ সড়ক চলাচলে অযোগ্য হয়ে পড়ে। এ কারণে প্রায় প্রতিদিনই ওই সড়কে ছোটখাট দুর্ঘটনা ঘটছে এবং যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এ দুর্ভোগ রোধে সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও একাধিক দপ্তরে আবেদন করে এলাকাবাসী। কিন্তু আজও এই আবেদন জনস্বার্থে এখনও কাজে আসেনি। যে কারণে এ সড়কে দুর্ভোগের প্রভাব বেড়েই চলছে। গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে সিরাজগঞ্জ এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, জনস্বার্থে এ সড়ক সংস্কারের জন্য এরইমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব পাঠানো হয়েছে এবং এ প্রস্তাবে অনুমোদন পাওয়া গেলে সরকারি বিধিমতে সংস্কারের কাজ শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন।