
নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে।
গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ছাতারভাগ ৯নং ওয়ার্ড বিএনপির অফিস এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, গত সোমবার সন্ধ্যার পর ১ নম্বর ব্রক্ষপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের দোসরা প্রবেশ করে আসবাপত্র ও চেয়ার ভাংচুর চালায়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি নিচে ফেলে দেয়।
৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব বলেন, আওয়ামী লীগের দোসরা সন্ধ্যায় আমাদের বিএনপির অফিসে অতর্কিত হামলা চালায়। এ ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতির ভাতিজা আরিফুল ইসলাম বাচ্চু, মোখলেছুর রহমান মোখলেছ ও কাসেমসহ আওয়ামী লীগের কয়েকজন দোসর অফিসে এসে হামলা চালিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।