ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জমি নিয়ে বিরোধে যুবক খুন, বাড়িতে আগুন

জমি নিয়ে বিরোধে যুবক খুন, বাড়িতে আগুন

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খোন্দকারপাড়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ভয়াবহ রূপ নিয়েছে। হামলা ও সংঘর্ষে একজন নিহত হওয়ার পর গতকাল মঙ্গলবার সকালে প্রতিপক্ষের অন্তত আটটি বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।

গত সোমবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। নিহত আতর আলী শেখ একই গ্রামের আইনুদ্দিন শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৈয়দ শামসুল হক সূর্যের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আতর আলীর পরিবারের ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে নতুন নির্মিত একটি টিনের ঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরের ভেতরে থাকা কয়েকজন গুরুতর আহত হন। পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে আতর আলীর পক্ষের অন্তত ১৬ জন আহত হন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতরদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সন্ধ্যায় আতর আলীর মৃত্যু হয়। আতর আলীর মৃত্যুর পর গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রতিপক্ষের আফাজ উদ্দিন সরদার, নিফাজ উদ্দিন সরদার ও কামিন সরদারের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘরসহ মোট আটটি ঘরে আগুন দেওয়া হয়। আগুনে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়।এছাড়া সিদ্দিক সরদার ও সাইদুর সরদারের বাড়িতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অধিকাংশ টিনের বসতঘর, গরুর ঘর ও রান্নাঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা আরও জানান, প্রায় ১৮ একর জমি নিয়ে একই গ্রামের সৈয়দ জাবেদ আলীর পরিবার এবং মৃত জলিল শেখের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্বাধীনতার পর সৈয়দ জাবেদ আলী ওই জমিতে বসতি স্থাপন করেন। জলিল শেখের মৃত্যুর পর তার ছেলেরা পৈত্রিক সম্পত্তির দাবি করে প্রায় দুই মাস আগে সেখানে টিনের ঘর নির্মাণ করে বসবাস শুরু করলে বিরোধ নতুন করে তীব্র আকার ধারণ করে। বিষয়টি আদালত ও থানায় গড়ায় এবং উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এই বিরোধের জের ধরেই গত সোমবারের রক্তক্ষয়ী সংঘর্ষ ও পরদিন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত