
রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি আরব প্রবাসী জিল্লাল হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিল্লাল হোসেন রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা এবং কালুখালীর মাজবাড়ী এলাকার তানেজ উদ্দিনের ছেলে। তিনি ছুটিতে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন।
পাংশা হাইওয়ে থানার ওসি মাকছুদুর রহমান মুরাদ জানান, রাজবাড়ীর দিক থেকে কালুখালীর দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন জিল্লাল হোসেন। পথিমধ্যে বাগমারা এলাকায় বিপরীত দিক থেকে কুষ্টিয়ার দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালকের মাথা থেঁতলে যায় এবং তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ট্রাকচালক আনিছকে আটক করে মারধর করে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিল্লাল হোসেনকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।