ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

পরকীয়ার জেরে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা

প্রেমিকসহ গ্রেপ্তার দুই
পরকীয়ার জেরে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের হাপানিয়া গ্রামের ইতালী প্রবাসী নুর ইসলামের বসতঘর থেকে তার মা পারুল বেগমের লাশ উদ্ধারের ঘটনায় জড়িত প্রবাসীর স্ত্রী হালিমা বেগম ও তার পরকিয়া প্রেমিক আশরাফুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত ২ জনকে পুলিশ আদালতে পাঠালে আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে কারাগারে প্রেরণ করেছে। গত রোববার রাতে মতলব উত্তর থানায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হোসাইন সানীব এসব তথ্য জানান। এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডলসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসামি আশরাফুল ইসলাম মিঠু হাপানিয়া গ্রাামের বেপারী বাড়ির জাহাঙ্গীর বেপারীর ছেলে।

সহকারী পুলিশ সুপার জানান, ২৮ ফেব্রুয়ারি দুপুরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পারুল বেগমের লাশ উদ্ধার করে এবং প্রবাসীর স্ত্রী হালিমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। প্রকৃত ঘটনা প্রথমে হালিমা অস্বীকার করলেও একপর্যায়ে স্বীকার করে। হালিমা পুলিশকে জানায়, প্রতিবেশী অবিবাহিত যুবক মিঠুর সঙ্গে তার আট মাস থেকে পরকিয়া সম্পর্ক চলছে। সেই সূত্র ধরে মিঠু তাদের বাড়িতে আসা যাওয়া এবং পরিবারের সদস্যদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে।

এর মধ্যে প্রবাসী নুর ইসলামের প্রথম স্ত্রীর সন্তান সোহানের সঙ্গে অনলাইনে ব্যবসা করবে বলে মিঠু ৩ লাখ টাকা বিনিয়োগ করে। বিনিয়োগের একপর্যায় সোহান মিঠুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। উপায় না পেয়ে মিঠু তার টাকা উদ্ধার করতে সোহানের দাদি পারুল বেগমের পরনে থাকা স্বর্ণের কানের দুলের নজরে আসে। মিঠু পরিকল্পনা করে হালিমার সহযোগিতা নিয়ে ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে ওই ঘরে আসে এবং পারুল বেগমকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে। কিন্তু কানের দুল খোলার সময় তিনি টের পাওয়ায় পরবর্তীতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ডাকাতি নাটক সাজাতে হালিমার হাত পা বেঁধে চলে যায়। পরদিন দুপুরে প্রতিবেশীরা এ ঘটনার টের পায় এবং পুলিশকে খবর দেয়।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হোসাইন সানীব বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মৃত হালিমা বেগমের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত