
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় ট্রাইকম গ্রুপ-এর একটি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের তারাশ থানার নৌখাদা এলাকার রতন মিয়ার ছেলে আল-আমিন এবং একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আল-আমিন মিয়া।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক স্থানীয় ব্যবসায়ী কাজল ঘোষ। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে ক্রেনচালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এ সময় ক্রেনের নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ নিচে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হন। অন্য জনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘাটের সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘ক্রেনের গ্রাফ পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। বর্তমানে আমরা নিহতদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’