
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় স্ত্রীর ছোট বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বড় বোন গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব-১৩। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর র্যাব-১৩। এর আগে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার আবুল কালাম ও তার সহযোগীরা ৫ হাজার টাকার বিনিময়ে ভিকটিম শাহিদা খাতুনের ছোট বোনকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয়। বিষয়টি জানাজানি হলে শাহিদা খাতুন ও তার ছোট ভাই অভিযুক্তদের বিরুদ্ধে গ্রাম্য সালিশ ডাকেন। তবে সালিশের দিন অভিযুক্তরা উপস্থিত না হওয়ায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়।
এরই জের ধরে চলতি বছরের গত ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিম শাহিদা খাতুন বাড়ির উঠানে টিউবওয়েলের পাশে রান্নার জন্য চাল ধুতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা আবুল কালাম ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।