
দিনাজপুরের কাহারোলে একটি পেট্রল পাম্পে মোটরসাইকেলে তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে এনায়েতুল করিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সুন্দইল এলাকায় অবস্থিত ‘আছমা লতিফা ফিলিং স্টেশনে’ এই ঘটনা ঘটে। মারা যাওয়া এনায়েতুল করিম বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে। জানা গেছে, এনায়েতুল করিম কাহারোল উপজেলার তাড়গাঁও ইউনিয়নের ইছাইল গ্রামে অবস্থিত শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সুন্দইল এলাকায় ফিলিং স্টেশনে ভিড় দেখে তিনি মোটরসাইকেলে তেল নিতে পাম্পে প্রবেশ করেন। দীর্ঘ সময় তপ্ত রোদে লাইনে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন এবং অতিরিক্ত গরমে হিটস্ট্রোক করে মোটরসাইকেলসহ মাটিতে লুটিয়ে পড়েন।