
সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লায় অভিযান চালিয়ে মুদি ব্যবসায়ী ইসমাইল হোসেনের বাড়ির খাটের নিচ থেকে সাড়ে ২১ লিটার পেট্রোল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেএম শাখা) নাজমুল হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই মুদি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে উল্লিখিত পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয় এবং জ্বালানি তেল বিক্রির লাইসেন্স না থাকায় তাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার পেট্রোল শহরের কাজীপুর মোড় পার্ক ফিলিং স্টেশনে ২ হাজার ৩৭২ টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ অভিযানে সিরাজগঞ্জ ক্যাবের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী সোহেল রানা, পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।