ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পাঁচ বছরে ৪১ হাজার গাছ লাগাবে রাঙামাটি

সড়ক ও জনপথ বিভাগ
পাঁচ বছরে ৪১ হাজার গাছ লাগাবে রাঙামাটি

আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে রাঙ্গামাটি জেলার বিভিন্ন সড়কে ৪১ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে রাঙামাটি সড়ক বিভাগের। গতকাল রাঙামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি যৌথখামার এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাঙামাটি সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল।

উদ্বোধন শেষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল বলেন, চলতি বছর আমরা এক হাজার চারা রোপণ করব। আগামী বছর থেকে পরবর্তী চার বছর ১০ হাজার করে আরও ৪০ হাজার চারা রোপণ করা হবে। শুধুমাত্র রোপণের মধ্যে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না, চারাগুলো আগামী দুই বছর রক্ষণাবেক্ষণও করা হবে। ফলদ, বনজ এবং শ্রীবৃদ্ধি করবে এ ধরণের চারা রোপণ করা হবে। রাঙামাটি সড়ক বিভাগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, উপ-সহকারী প্রকৌশলী রনেল চাকমা, তিথী চাকমাসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

রাঙামাটি সড়ক বিভাগ সূত্র জানিয়েছে, চলতি বছরেই রাঙামাটি সদর, কাউখালী, নানিয়ারচর ও রাজস্থলীর উপজেলার প্রধান সড়কের পাশে ফলজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী এক হাজার বৃক্ষের চারা রোপণের পরিকল্পনা রয়েছে সওজের। পরবর্তী ২০২৭-৩০ সাল পর্যন্ত ১০ হাজার করে আরও ৪০ হাজার বৃক্ষ লাগানো হবে। এরমধ্যে স্থান পাবে জারুল, পলাশ, সোনালু, লাল সোনাইল, চন্দ্রপ্রভা, কাঞ্চন, সাজিনা, নিম, মনিমালা, বসন্ত মঞ্জুরি, আমলকি, মান্দার, বকুল, জলপাই, আমড়া, বহেরা, হরিতকি, ছাতিম, নাগেশ্বর, পাকুর প্রভৃতি দেশীয় উদ্ভিদ প্রজাতি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত