
সিরাজগঞ্জের র্যাব-১২ সদস্যরা ও র্যাব-১৩ রংপুরের চেংমারী গ্রামে যৌথ অভিযান চালিয়ে বিপুল টাকার জাল নোটসহ রুবেল মিয়াকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে। র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত রোববার দুপুরে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেপ্তার করে র্যাব-১২ সদস্যরা। তাদের দেওয়া তথ্যর ভিত্তিতে গত মঙ্গলবার বিকালে রংপুরের ওই গ্রামে অভিযান চালিয়ে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সব ধরণের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ কাজে জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।