
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে কাঁচপুর সেতুর পূর্বঢালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। গতকাল বুধবার নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সওজ নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
উদ্ধোধন কার্যক্রম শেষে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো ও সবুজায়ন বৃদ্ধি করতে সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে পরিবেশগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ পাবে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রোপণ করা গাছগুলো যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এছাড়াও তিনি বলেন, কাঁচপুর সেতু ও আশপাশ এলাকায় সবসময় যানজট লেগে থাকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার ও ফুটপাতের দোকানপাট গড়ে ওঠায় এই যানজট সৃষ্টি হচ্ছে।
ক্যাপশন : নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে কাঁচপুর সেতুর পূর্বঢালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।