
মানিকগঞ্জের দৌলতপুরে আলোচিত ভাবি-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামি মো. ইউসুফ মোল্লা ও তার সহযোগী মো. সুমন হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএমণ্ডসেবা)। পুলিশ জানায়, গত ৩০ মে রাতে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে ইউসুফ মোল্লা তার বড় ভাইয়ের স্ত্রী আমেনা খাতুন (৩২) ও ১৫ মাস বয়সী ভাতিজা আসলাম হোসেন আসাদকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেন। এ সময় বড় ভাই আব্দুস সালাম মোল্লা (৪৮)-কেও হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়। তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর ৩১ মে নিহত আমেনা খাতুনের স্বজনরা দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জুন রাতে ঢাকা মহানগরের শাহ আলী থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রধান আসামি ইউসুফ মোল্লা ও সহযোগী সুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়।