
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার ও আধুনিক ল্যাব ওয়ান নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটির প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ লাইসেন্স না থাকায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী সেগুলো সিলগালা করা হয়।
এ সময় নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠান অনুমোদন ও লাইসেন্স ছাড়া স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে উপস্থাপন করলে আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।